চালক ও যাত্রীর কথা-কাটাকাটি, বাস গেল উল্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস উল্টে পাশের খাদে পড়ে যায়। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের বাঁশখালীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস উল্টে পাশের খাদে পড়ে যায়। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালীতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি বাস উল্টে ১২ যাত্রী আহত হন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর চারা বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভাড়া নিয়ে চালক ও এক যাত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের খাদে উল্টে পড়ে যায়। আহত ব্যক্তিরা বাঁশখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও তাঁর সহকারী পলাতক। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল খালেক, নেজাম উদ্দিন ও নাসিমা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাড়ির এক আহত যাত্রী আবুল কাশেম বলেন, এক শিশুযাত্রীর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে যাত্রীর সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। চালক উত্তেজিত হয়ে পেছনে ফিরে কথা বলার সময় তিনি বাসের নিয়ন্ত্রণ হারান। বাসটি তখন রাস্তার পাশের খাদে উল্টে যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে আছে।