চালক ও শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন চালক ও একজন শিশুসহ চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীরদিঘি নামক স্থানে একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক চালক আগুনে পুড়ে মারা যান এবং চারজন আহত হন।

এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় ফেনীর লালপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল রোববার ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বাইপাস অংশের কাজীরদিঘি নামক স্থানে একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ সময় পিকআপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনটি গাড়িতে আগুন ধরে যায়। এতে পিকআপচালক আগুনে পুড়ে দুর্ঘটনাস্থলে মারা যান এবং চারজন গুরুতরভাবে আহত হন। নিহত পিকআপচালকের নাম-পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের ফেনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গত শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল নামক স্থানে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হন।

আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সংসার বড়ুয়া (৪২), ফিরোজা বেগম (৬৫) ও তাঁর নাতনি প্রিয়া (১০)। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু: গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন ফেনী রেলস্টেশনে ঢোকার সময় আউটার সিগন্যালের কাছে সহদেবপুর সড়কের মাথায় এক ব্যক্তি (৩৫) ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছেন। তাঁর পরিচয় জানা যায়নি। রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।