রাজবাড়ীতে চালক ছাড়াই ২৬ কিলোমিটার ট্রেন চলার নজিরবিহীন ঘটনায় গ্রেপ্তার ট্রেনচালক শেখ মোহাম্মদ আলী ও সহকারী চালক ফয়সাল আহমেদকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বুধবার পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, সোমবার রাতে স্টেশনমাস্টার কামরুজ্জামান বাদী হয়ে মামলা করার পর ওই দিন রাতেই ট্রেনের চালক, সহকারী চালক এবং পরিচালক (গার্ড) শুভাষ চন্দ্র শর্মাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। গতকাল অধিকতর তদন্তের জন্য রাজবাড়ী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ চালক ও সহকারী চালকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালতের বিচারক আবু হাসান খাইরুল্লাহ শুনানি শেষে তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। লালন আহমেদ আরও বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আমরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি।’
পুলিশ, তদন্ত কমিটি ও অন্যান্য সূত্রে জানা গেছে, ট্রেনচালক মোহাম্মদ আলীর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দীর গোসাই-গোবিন্দপুর গ্রামে। তিনি জামায়াতের একজন কর্মী। সরকারি চাকরি করার কারণে তিনি দলীয় কোনো পদে নেই। মোহাম্মদ আলীর ছোট ভাই শেখ মিজানুর রহমান রাজধানীর মিরপুরে জামায়াতের একজন নেতা। তিনি ঢাকার শেওড়াপাড়ার বাসিন্দা। চাচাতো ভাই বাবর আলী শেখ জামায়াতের কেন্দ্রীয় কমিটির নেতা। তবে তাঁদের রাজনৈতিক পদ জানা সম্ভব হয়নি।
তবে ট্রেনটির সহকারী চালক ফয়সাল আহমেদ দাবি করেন, চালক মোহাম্মদ আলী খুবই ভালো মানুষ। তাঁকে অযথা হয়রানি না করারও আহ্বান জানান তিনি।
ফরিদপুর এক্সপ্রেস নামের ট্রেনটি গত রোববার সকাল আটটার দিকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষারত ছিল। একপর্যায়ে ট্রেনটি চালু করে নেমে যান চালক। পরে ট্রেনটি উল্টোপথে চলতে শুরু করে। এক ঘণ্টায় ২৬ কিলোমিটার চলার পর নয়টা পাঁচ মিনিটে সেটি পাংশা উপজেলার বাবুপাড়া রেলসেতুর কাছে থামানো হয়।
এ ঘটনায় ওই দিন পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) আবু জাফর মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের ও অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান কবীরকে প্রধান করে পাঁচ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদকে প্রধান করে গত সোমবার তিন সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ প্রশাসন।