চালক ও সহকারীকে আটকে ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের শিবচর পৌর এলাকার খানকান্দি এলাকায় গত বুধবার গভীর রাতে চালক দেলোয়ার হোসেন ও সহকারী হালান মিয়াকে আটকে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। অল্পের জন্য তাঁরা বেঁচে যান।
জানা গেছে, মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে সিমেন্ট বোঝাই করে রাত আনুমানিক তিনটায় খানকান্দিতে পৌঁছালে ওত পেতে থাকা একদল অবরোধকারী পাঁচ্চর-শিবচর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় তাঁদের মারধর করে ট্রাকের মধ্যে আটক রেখে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা কোনো রকমে লাফিয়ে রক্ষা পান। এতে দেলোয়ারের (৪৫) হাত ভেঙে যায়। পরে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরশেদ আলী জানান, এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।