রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসগুলোর চালক কে হবেন, চালকের সহকারী কে থাকবেন বা গাড়ির কন্ডিশন কেমন হবে—এসব বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। কলেজের ছাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজশাহীর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এই কমিটির নেতৃত্ব দেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।
দুর্ঘটনাকবলিত লাকী পরিবহনের বাসের চালক আবদুর রাজ্জাককে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পবার কাটাখালী এলাকা থেকে তঁাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, বাসের চালক কে হবেন, বাসের হেলপার কে থাকবেন, বাসের কন্ডিশনই বা কেমন হবে—এ বিষয়ে কোনো চুক্তিপত্র দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। তা ছাড়া ভাড়া করা গাড়িগুলোর চালকের লাইসেন্স আছে কি না, গাড়ির কন্ডিশন বিআরটিএ অনুমোদিত কি না, তারও কোনো চুক্তি নেই। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, কলেজের বাস প্রায়ই ভাঙচুর হয়। এই ভাঙচুরের ভয়ে তারা ভালো কন্ডিশনের কোনো বাস ভাড়া পায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন বাসের মালিক, চালকের স্বেচ্ছাচারিতা ও জবাবদিহি না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’ বাস চলাচলে হ-য-ব-র-ল অবস্থা উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ আমাদের বাসই দিতে চায় না ভাঙচুরের ভয়ে। তাই আমরা বাস দেখে নিতে পারিনি। চালকদের ভালো বেতন নেই। তাই ভালো চালকও আসে না। নিবিড় পরিবহনের মালিক যখন যাকে পারেন, তখন তাকেই পাঠিয়ে দেন বাস চালানোর জন্য।’
কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে আটটি বাস ছাত্রছাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে একটি বাস শুধু কলেজের। বাকিগুলো ভাড়া করা। এই গাড়িগুলো নড়বড়ে ও লক্কড়-ঝক্কড় মার্কা। কোনোটিরই ফিটনেস নেই। প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাকবলিত বাসটি একজন নতুন লোক চালাচ্ছিলেন।
গত রোববার রাজশাহীর পবার কাটাখালীতে অন্য একটি বাসের সঙ্গে ধাক্কায় রাজশাহী কলেজের একটি বাস উল্টে গিয়ে তিন ছাত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় আহতাবস্থায় এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে ঈশা নামের এক ছাত্রীর গতকাল পর্যন্ত জ্ঞান ফেরেনি। হাসপাতাল থেকে ঈশার মা সালমা খাতুন সন্ধ্যায় জানান, ঈশাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
কলেজের নিজস্ব বাস এবং হতাহত লোকজনের ক্ষতিপূরণের দাবিতে গতকাল কলেজে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে একটি শোকবই রাখা হয়। তাতে নিজেদের মন্তব্য তুলে ধরেন শিক্ষার্থীরা।
কলেজের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওশাদ আলম ওই শোকবইয়ে লেখেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের মহামূল্যবান জীবন বেঁচে যায়।’ ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোমা চৌধুরী লিখেছেন, ‘এমন নির্মম ঘটনা ভবিষ্যতে আমাদের যেন আর দেখতে না হয়।’
কলেজ কর্তৃপক্ষের পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।