চালক ও সহযোগীসহ প্রাণ গেল চারজনের

চট্টগ্রামের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন এবং গাজীপুরের শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব খবর জানা গেছে।
চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলছড়ির দরগা গেট এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে বাসের সঙ্গে মাছের পোনা বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মোহাম্মদ লিটন (২৮) ও তাঁর সহকারী সাইদুর রহমান (৩০) নিহত হন। তাঁদের বাড়ি যশোরে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর : দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর দক্ষিণ পাশে বাসের ধাক্কায় এক প্রহরী নিহত হন। অপর দিকে সকাল পৌনে নয়টায় গোসিংগা কর্ণপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়।
সেতুর কাছে নিহত ব্যক্তির নাম রাজীব শিকদার (২৮)। তিনি বরিশাল সদর উপজেলার টানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে। নিহত বৃদ্ধার নাম হাজেরা খাতুন (৭০)। তিনি ঘটনাস্থলের পাশে থাকা গুচ্ছগ্রামে বসবাস করতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কাইসার আহমেদ বলেন, হাজেরা খাতুন নিজ ঘরের ময়লা ফেলতে রাস্তা পার হয়ে পুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রাজীব শ্রীপুরের পটকা এলাকার একটি কারখানার প্রহরী পদে চাকরি করতেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।