চালক ও হেলপারকে পিটিয়ে চালভর্তি ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া মোকামের চাল নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ট্রাক ছিনতাই হয়েছে। বুধবার দিবাগত রাতে ট্রাকের চালক ও হেলপারকে পিটিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ট্রাকটি ছিনতাই করা হয়। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।ব্যবসায়ীরা জানান, দুপচাঁচিয়া সিও রোডের চালের মোকামের মেসার্স জনপ্রিয় রাইচ এজেন্সি থেকে ২৬২ বস্তা চাল বুধবার বিকেলে ট্রাকে (বগুড়া-ট-১১-০০২২) তোলা হয়। ট্রাকটি নারায়ণগঞ্জের চিটাগং রোডের মুক্তি সরণির মেসার্স হাজি হাবিবুল্লাহ ট্রেডার্সের উদ্দেশে রওনা হয়। রাতে যাত্রাবাড়ীর শনির আখড়ায় পৌঁছালে ট্রাকটি ছিনতাইকারীদের কবলে পড়ে। তারা চালক আইমুদ্দিন ও হেলপার মিলনকে মারধর করে চালসহ ট্রাক ছিনতাই করে নিয়ে যায়।ব্যবসায়ী কবির হোসেন জানান, ট্রাকে ২৬২ বস্তা চাল ছিল। এ চালের দাম প্রায় চার লাখ টাকা। ট্রাকচালক সুস্থ হলেই কীভাবে ছিনতাই হয়েছে, তা জানা যাবে। দুপচাঁচিয়া বণিক সমিতির সভাপতি হাজি আজিমুদ্দিন বলেন, পাঁচ মাস আগেও এই মোকামের চালভর্তি আরেকটি ট্রাক ছিনতাই হয়। এ সময় ট্রাকের চালক খুন হন। কিন্তু খালি ট্রাক উদ্ধার হলেও আজ পর্যন্ত চাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ ধরনের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।