চালক খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার
সিএনজিচালিত অটোরিকশার চালককে খুনের ঘটনায় পুলিশ গত বুধবার রাতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে অটোরিকশাচালকের লুণ্ঠিত মুঠোফোন সেট।গত ২৭ জুলাই শহরতলির উত্তর চান্দগাঁও বনা পুকুর এলাকা থেকে এই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ গ্রেপ্তার হওয়া দুই আসামির নাম প্রকাশ করেনি। কারণ, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে, যাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। নগর গোয়েন্দা পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।পুলিশ সূত্র জানায়, গত ২৮ জুলাই মনির হোসেন (২৩) নামের সিএনজিচালিত অটোরিকশার চালককে খুন করে সন্ত্রাসীরা গাড়িটি নিয়ে যায়। শহরতলির উত্তর চান্দগাঁও থানাধীন বনা পুকুরপাড়ে মনিরের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে।নগর উত্তরাঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, নগর গোয়েন্দা পুলিশ হাটহাজারী ও নগরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। আরও কয়েকজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।