চালক ঘুমে, ট্রাক উঠে গেল সড়ক বিভাজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি ট্রাক সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় মজমপুর মহাসড়ক এলাকায় থেকে থেকে যানজটের সৃষ্টি হয়।

ট্রাকের চালকের সহকারী সবুজ বিশ্বাস জানান, রাত একটার দিকে যশোর থেকে খালি ট্রাকটি কুষ্টিয়ার গড়াই নদে বালু নেওয়ার জন্য আসছিল। রাত তিনটার দিকে ট্রাকের চালক আব্বাস আলীর ঘুম এসে যায়। একপর্যায়ে ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে ট্রাকের সামনের দুই চাকা দুমড়ে-মুচড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আব্বাস আলী যশোর চলে যান।

এদিকে ট্রাক সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে থাকায় রাত থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের একমাত্র মজমপুর মহাসড়ক এলাকায় থেকে থেকে যানজটের সৃষ্টি হয়। মজমপুর রেলগেট ট্রাফিক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ট্রাকের মালিক ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়।