চালক ঘুমে, ট্রেন প্ল্যাটফর্মে

চালক ঘুমিয়ে পড়ায় ইঞ্জিনসহ একটি বগি রেললাইন ছেড়ে উঠে যায় স্টেশনের প্ল্যাটফর্মে। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ওই সময় স্টেশনে যাত্রী ও রেলকর্মীদের চলাচল কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্র জানায়, ভোরে পাহাড়তলী রেল রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেসের ১৬টি কোচ (বগি) শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে চট্টগ্রাম স্টেশনে আনার সময় ইঞ্জিনটি নির্ধারিত জায়গায় না থেমে প্ল্যাটফর্মে উঠে যায়। ইঞ্জিন প্ল্যাটফর্মের প্রায় ৫০ ফুট দূরে স্টেশন ভবনের দেয়ালে ধাক্কা খায়। এতে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্ল্যাটফর্মের মেঝে ক্ষতিগ্রস্ত হয়।
রেলওয়ের পয়েন্টসম্যান আবদুর রহিম বলেন, ‘প্রভাতীর কোচগুলোকে শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে আনছিলেন সহকারী লোকো মাস্টার ও সাব-লোকো মাস্টার। তাঁরা দুজনই ইঞ্জিনে ঘুমোচ্ছিলেন বলে জানতে পেরেছি। এ কারণেই দুর্ঘটনা ঘটে।’
সাব-লোকো মাস্টার (চালক) এ কে এম জহিরুল হক বলেন, ‘আমি তখন তন্দ্রাচ্ছন্ন ছিলাম। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। আসলে পর পর দুই রাতে ডিউটি করেছি।’
এ ঘটনায় জহিরুল হক ও সহকারী লোকো মাস্টার এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত এবং দুটি তদন্ত কমিটি করা হয়েছে।