চালক ঘুমে বাস খাদে
দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বেড়া ভেঙে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ২২ জন আহত হয়েছেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও নির্মাণাধীন সেতুর ঠিকাদারের পাহারাদার তোতা মিয়া বলেন, নির্মাণাধীন সেতুর দুই পাশে ইট-পাথর ও বাঁশের বেড়া দিয়ে ‘কাজ চলছে’ লেখা সাইনবোর্ড সাঁটানো ছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুরগামী কেয়া পরিবহনের একটি বাস বিকল্প পথে না গিয়ে ওই বেড়া ভেঙে সেতুর পাশের খাদে পড়ে যায়। এতে ২২ জন আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠান। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে মজনু মিয়া (৫৬) ও বাবুল শেখ (৫০) বাস থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বাসের চালক ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোকাররম হোসেন বলেন, খবর পেয়েই কর্মীরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। মজনু ও বাবুল নামের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুটির উভয় পাশে ইট-পাথরসহ বাঁশের খুঁটি দিয়ে বেড়ার পাশাপাশি রাতভর হারিকেন জ্বালিয়ে সংকেত দেখানো হচ্ছে। চালক ঘুমিয়ে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।