চালক ঘুমের ঘোরে, দুই বাস খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেগেই ছিলাম। হঠাৎ দেখি সামনের বাঁকে বাস না ঘুরিয়ে চালক সোজা চলে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই খাদে হুড়মুড় করে পড়ে গেল বাস।’ কুষ্টিয়ার মিরপুরে দুর্ঘটনার পর মোফাজ্জল হক নামের এক যাত্রী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার আগে চালক ঘুমের ঘোরে ছিলেন।
দুই জেলায় এভাবে বাস খাদে পড়ে গতকাল নিহত হয়েছেন তিনজন। সব মিলিয়ে ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট আটজন। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুরা, জামালপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়।
এ নিয়ে গত ৩০ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৮৮ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে গতকাল যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২ জন নিহত হন। আহত হয়েছেন ৪৮ জন যাত্রী। নিহত যাত্রীরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার উমানন্দ গ্রামের উমেদ আলী (৫৫) ও চিলমারী উপজেলার বালাবাড়ী গ্রামের আবদুল মজিদ (৭০)। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বারের ধারণা, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।
ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দা এলাকার নূরুমিয়া বাইপাসে গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়াগামী পিকনিকের একটি বাস খাদে পড়ে গেলে মফিজুর রহমান (৪৫) নামের এক যাত্রী নিহত হন। ফরিদপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম আক্তার বলেন, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে যাত্রীরা তাঁর কাছে অভিযোগ করেছেন। বাসের চালক পালিয়ে গেছেন।
মাগুরা সদর উপজেলার হুলিনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গত শুক্রবার রাতে একটি ট্রাক আরেকটিকে ধাক্কা দিলে ট্রাকের ছাদ থেকে পড়ে আবদুল হান্নান (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।
জামালপুর সদর উপজেলার দিগপাইত বড়ভিটা এলাকায় গতকাল সকালে মাইক্রোবাস চাপা দিলে মুহাম্মদ মোস্তফা (৫০) ও জহুরুল ইসলাম (৩৫) নামের দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় গতকাল দুপুরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতানা খাতুন (৫২) নামের এক যাত্রী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রাস্তা পার হওয়ার সময় গতকাল সন্ধ্যায় বাসচাপায় সামসুন্নাহার বেগম (৩৫) নামের এক নারী নিহত হন। নিহত সামসুন্নাহার বেগম বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিরপাশা গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।