চালক না থাকায় চলে না অ্যাম্বুলেন্স, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক না থাকায় দুই বছর ধরে বন্ধ রয়েছে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি। এতে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে রোগীরা। এ পরিস্থিতিতে স্থানীয় লোকজন দ্রুত চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সটি চালু করার দাবি জানিয়েছেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, দুই বছরের বেশি সময় আগে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদল দুর্বৃত্ত গ্রিল কেটে ওষুধ চুরি করতে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক মাসুদ মিয়া দুর্বৃত্তদের বাধা দেন। এ ঘটনার জের ধরে দুর্বৃত্তরা মাসুদ মিয়াকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিনের চিকিৎসায় মাসুদ সুস্থ হলেও তিনি আর গৌরীপুরে যোগদান করেননি। তিনি প্রেষণে অন্যত্র চলে যান। এরপর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি গ্যারেজে পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখান থেকে গড়ে প্রতিদিন ১০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ বা ঢাকায় পাঠাতে হয়। গৌরীপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৫০০ টাকা। কিন্তু ভাড়ায়চালিত মাইক্রোবাসে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। গভীর রাতে কোনো যানবাহন না পেয়েও ভোগান্তিতে পড়ে রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি পরীক্ষা করে। দেখা যায়, দীর্ঘদিন গ্যারেজে থাকায় অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছে। হাসপাতালের একটি সূত্র জানায়, মাসুদ মিয়াকে মারধরের কারণে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো চালক গৌরীপুরে আসতে রাজি হচ্ছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল কবীর বলেন, ‘ব্যবহার না করায় অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছে। আমরা নতুন করে চালক নিয়োগ করে পুনরায় অ্যাম্বুলেন্স-সেবা চালুর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছি।’