চালক না থাকায় পড়ে থেকে নষ্ট হলো নৌ অ্যাম্বুলেন্স
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছর আগে একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়। কিন্তু চালক না থাকায় এক দিনের জন্যও তা ব্যবহার করা হয়নি। ফলে এটি দিয়ে কোনো রোগীকে সেবা দেওয়া যায়নি। দুই বছর ধরে পড়ে থাকায় রোদে-বৃষ্টিতে এটি নষ্ট হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ২০১১ সালের ১৬ আগস্ট ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটি প্রথমে ধরমপাশা থানা-সংলগ্ন কংশ নদে রাখা হয়। পরে কংশের পানি কমে গেলে এটিকে শয়তানখালী খালে এনে রাখা হয়। গত দুই বছর এটি ওই খালেরই পশ্চিম পাড়ে পড়ে আছে। চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় এর ইঞ্জিন খুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে রাখা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, কাঠের তৈরি অ্যাম্বুলেন্সটির বিভিন্ন অংশে ফাটল ধরেছে। পোকা ধরায় কাঠ নরম হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজুল ইসলাম খান বলেন, চালক না থাকায় নৌ-অ্যাম্বুলেন্সটি চালু করা সম্ভব হয়নি। চালক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করায় এটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।