চালক নেই, অ্যাম্বুলেন্স চলে না তিন মাস
তিন মাস ধরে নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবহার করতে না পারায় রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালককে গত ১২ জুলাই সদর হাসপাতালে বদলি করা হয়। এরপর থেকে একের পর এক চিঠি পাঠানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি। ৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় প্রতিদিন দুই-তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করতে হয়। গত তিন মাসে শুধু পরিবহন সমস্যার কারণে চার-পাঁচজন রোগী মারা গেছেন। অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে না পারায় প্রতিনিয়ত রোগীর স্বজনদের রোষানলে পড়তে হচ্ছে।বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক আবদুল বারেক জানান, ২ অক্টোবর রাতে তাঁর স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাঁর স্ত্রীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স না থাকায় যথাসময়ে তিনি তাঁর স্ত্রীকে সেখানে নিতে পারেননি। এ কারণে তাঁর স্ত্রী মারা গেছে।সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম জানান, তিনি জরুরি ভিত্তিতে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন। এক সপ্তাহের মধ্যে ওই অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ দেওয়া হতে পারে।