সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির জন্য এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার থেকে ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। আগামী ২০২০ সালের মধ্যে মানুষের মৃত্যুর তিন নম্বর কারণ হিসেবে চিহ্নিত হবে সড়ক দুর্ঘটনা। চালক ও পথচারীরা একটু সচেতন হলেই এ দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।ঢাকার গাবতলী বাস টার্মিনালে গত বৃহস্পতিবার বেলা ১১টায় নিরাপদ সড়ক জনসচেতনতামূলক অভিযান ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা লাইফ, যুব সংগঠন আরোহণ ও ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্র (ইউনিক) যৌথভাবে সাত দিনব্যাপী এই অভিযানের আয়োজন করে।লাইফ-এর নির্বাহী পরিচালক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক (পশ্চিম) মো. একরামুল হাবীব। বক্তৃতা করেন জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা ও কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আরোহণের সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, লাইফের কর্মসূচি পরিচালক মুহাম্মদ আমীরুল ইসলাম, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি আব্বাস উদ্দীন প্রমুখ।অভিযানের প্রথম দিনে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী গাবতলী বাস টার্মিনালে বিভিন্ন বাসে উঠে গাড়িচালক, সহকারী ও যাত্রীদের ‘নিরাপদ সড়ক নিরাপদ জীবনের প্রতিশ্রুতি’বিষয়ক টি-শার্ট, লিফলেট, স্টিকার বিতরণ করেন।