চালক ব্যস্ত মুঠোফোনে বাস খাদে, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে কথা বলতে বলতে দ্রুতগতিতে মাইক্রোবাস চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা বারবার চালককে আস্তে চালাতে অনুরোধ করেন। কিন্তু তিনি কথা শোনেননি। কিছুক্ষণ পর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে খাদে পড়ে যায়। আর এতে প্রাণ হারান ওই মাইক্রোবাসের চার যাত্রী। গত শনিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন টেকনাফ কুলালপাড়ার আবদুল মোতালেব (৬০), নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকার ছৈয়দুল হক (৩৫), চকরিয়ার কাকরা এলাকার হাবিবুর রহমান (৫৫) ও টেকনাফ খোনকার ডেইল এলাকার রুহুল আমিন (৩৭)। এতে আহত হন আরও ১২ জন। তাঁদের মধ্যে চকরিয়ার কাকরা এলাকার ওবায়দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় শনিবারই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রামু থানা সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১১-৪২৩৪) যাত্রী বোঝাই করে ঈদগাঁও থেকে কক্সবাজারের দিকে আসছিল। দুর্ঘটনার পর পর মাইক্রোবাসের চালক কবির আহাম্মদ পালিয়ে যান। পুলিশ একজনের লাশ এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাইক্রোবাসের যাত্রী সুলতান আহাম্মদ জানান, দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন চালক। কয়েকজন যাত্রী গাড়ি আস্তে চালাতে বারবার অনুরোধ করলেও চালক কথা শোনেননি। একপর্যায়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোসবাসটি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ‘মাইক্রোবাসচালক চলন্ত অবস্থায় কথা বলায় এ দুর্ঘটনা ঘটেছে। গাড়ির চালক কবির আহাম্মদকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’