চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ট্রাকচালক মফিজুর রহমানের তিন দিনের রিমান্ড গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। মফিজকে গত মঙ্গলবার মিরসরাই থানার পুলিশ তিন দিনের রিমান্ডে নেয়।সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) রুহুল আমিন সিদ্দিকী জানান, জনরোষের কথা চিন্তা করে মিরসরাই থানার পুলিশ চট্টগ্রামের জেলা গোয়েন্দা অফিসে তাঁকে (মফিজকে) জিজ্ঞাসাবাদ করে।মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা অংশা থোয়াই জানান, জিজ্ঞাসাবাদে চালক মফিজুর রহমান জানিয়েছেন, গাড়িতে ৫০-৬০ জন শিশু-কিশোর ছিল। মিরসরাই থেকে ফেরার পথে বড়তাকিয়া আবুতোরাব সড়কে দুর্ঘটনাস্থলের কিছু দূর আগে প্রথম সেতু (সেখানে পরপর দুটি সেতু আছে) পার হওয়ার সময় ট্রাকের ব্রেক ফেইল করে। এ কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে মফিজ ওই সময় মুঠোফোনে কথা বলেননি বলে দাবি করেন। কিন্তু বেঁচে যাওয়া একাধিক ছাত্র তদন্ত কমিটি এবং সাংবাদিকদের জানিয়েছিল, ওই সময় মফিজ মুঠোফোনে কথা বলছিলেন। তিনি জানান, তাঁর ড্রাইভিং লাইসেন্স ছিল। ওই সড়ক দুর্ঘটনায় সেটা হারিয়ে গেছে। প্রচলিত যে ধারায় মামলা হয়েছে, মফিজ দোষী প্রমাণিত হলে তাঁর কি সাজা হতে পারে—এই প্রশ্নের উত্তরে অংশা থোয়াই জানান, পাঁচ-সাত বছরের জেল হতে পারে। তবে যেহেতু ৪১ জন শিশু-কিশোর ওই দুর্ঘটনায় মারা গেছে, সেহেতু আদালত মফিজের শাস্তির পরিমাণ আরও বাড়াতে পারেন। সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।