চালক মুঠোফোনে কথা বলছেন, বাস পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা-চাঁদহাট আঞ্চলিক সড়কে গত রোববার বিকেল পাঁচটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে গৃহবধূসহ তিনজন নিহত ও ১৯ জন আহত হয়। বাসযাত্রীদের কয়েকজন অভিযোগ করেন, চালক মুঠোফোনে কথা বলার সময় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের বাবর আলীর মেয়ে গৃহবধূ মোসাম্মৎ জাহেদা (২৩) ও চরযশোহরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের সাদেক আলীর ছেলে হেলাল আলী (২৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া চরযশোরদী ইউনিয়নের গোলাপকরদী গ্রামের মো. মাসুদকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুকসুদপুর থেকে ফরিদপুরে আসার পথে যাত্রীবাহী ওই লোকাল বাসটি নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। আহত বাসযাত্রী মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের সুমি বেগম (২২) বলেন, দুর্ঘটনার সময় চালক ডান হাতে মুঠোফোন নিয়ে কথা বলছিলেন এবং বাঁ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছিলেন। এ সময় বাসটি খুব জোরে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। তবে পুকুরে পানি কম থাকায় অনেক যাত্রী জীবনে রক্ষা পেয়েছে।নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সুনীল চক্রবর্তী বলেন, এ ঘটনায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, নিহত গৃহবধূ জাহেদার দেবর আবুল খায়ের বাদী হয়ে রোববার রাতে থানায় একটি মামলা করেছেন। তবে বাসের চালক পলাতক।