চালক মুঠোফোনে ব্যস্ত, বাস খাদে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক মুঠোফোনে কথার একপর্যায়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পিকেটাররা ধাওয়া দেওয়ায় গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় একটি পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও পাঁচজন।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, কালিয়াকৈর বাজার থেকে একটি বাস হরিণহাটি এপেক্স ফুটওয়্যার কারখানায় ৬০-৬৫ জন শ্রমিককে নিয়ে যাচ্ছিল। বাসটি চন্দ্রা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ৫০ জন শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করেন। গুরুতর আহত ১৮ জনকে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। কারখানার আহত শ্রমিক নাছিমা আক্তার জানান, গাড়ির চালক মুঠোফোনে কথা বলছিলেন। নিষেধ করার পরও তিনি শোনেননি। তারপর কিছু বুঝে ওঠার আগেই বাসটি উল্টে তিন-চার ফুট নিচে পড়ে যায়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত সবাই এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিক।অপরদিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় হরতাল সমর্থক পিকেটারদের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। নাওজোড় মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনায় পতিত যান দুটি উদ্ধার করেছে।