চালক মুঠোফোনে ব্যস্ত, বাস খাদে আহত ১৫
চালক মুঠোফোনে কথা বলছিলেন। একপর্যায়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছে। এক শিশুসহ গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ঈশাখাঁ গেটলক সার্ভিসের বাসটি তাড়াইল উপজেলা থেকে নান্দাইল চৌরাস্তা হয়ে ঢাকা যাচ্ছিল।
বাসযাত্রী রফিকুল ইসলাম জানান, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। চালক মুঠোফোনে কথা বলার একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। বিকট শব্দ শুনে এলাকার লোকজন এসে বাসের আহত যাত্রীদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
চিকিৎসক সিফাত আবদুল্লাহ জানান, ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত যাত্রী আবদুর রশিদ ও রফিক মিয়া জানান, চালকের খামখেয়ালির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরই চালক বাস ফেলে পালিয়ে গেছেন।