ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চালক ও সহকারীকে গতকাল বৃহস্পতিবার এক ছাত্রলীগ কর্মী পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে গাড়ি চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বাসশ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি গাড়ি কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে বাসে একজন যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী মো. সজলের সঙ্গে চালক হবিবার রহমান ও সহকারী মো. মেহেদীর কথা-কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে সজল বাস থেকে নেমে হবিবার ও মেহেদীকে মারধর করেন। এতে মেহেদীর ডান চোখে আঘাত লাগে।
আহত মেহেদী বলেন, ‘মারধরকারী ছাত্রকে আমি চিনি না। তবে দেখলে চিনতে পারব।’
সজল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পক্ষের কর্মী বলে জানা যায়। এ ব্যাপারে তাঁর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছেলেটিকে আমি চিনি। কিন্তু তাঁকে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখিনি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মারধরের বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট ছেলেটি ছাত্রলীগের কেউ নয়।’
এদিকে ঘটনার পর কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে গতকাল বিকেলের জন্য নির্ধারিত কোনো গাড়ি ক্যাম্পাসে আসেনি। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ে বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, ‘বাসের চালক এবং সহকারীদের মারধরের ঘটনা এর আগেও ঘটেছে। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের পরিবহনশ্রমিকেরা ক্যাম্পাসে আর বাস নিয়ে যাবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মামুনুর রহমান বলেন, এ ব্যাপারে পরিবহন মালিকদের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।