এক চালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়াগামী ভাড়া করা বাস চলাচল গতকাল সোমবার বন্ধ রাখেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিন সময় দিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহনকারী ভাড়া করা একটি বাসের চালক মো. মিলন ও তাঁর সহকারী মো. রনির সঙ্গে গত রোববার বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান তরঙ্গের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করেন চালক মিলন। তখন তরঙ্গ তাঁর চার-পাঁচজন সহযোগী নিয়ে চালক ও সহকারীকে মারধর করেন। এতে গুরুতর আহত মিলনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। মিলনের বাঁ হাত ভেঙে গেছে বলে জানান হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স শহিদুল ইসলাম।
এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন গতকাল কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী ভাড়াকৃত সব বাস বন্ধ করে দেয়। ফলে কুষ্টিয়ায় অবস্থানকারী অনেক শিক্ষার্থী গতকাল ক্যাম্পাসে আসতে পারেননি। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা ২৭ অক্টোবর পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন এবং এ সময়ের মধ্যে মারধরে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তবে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নেতারা বৈঠকে বসেন। বৈঠকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ।
কুষ্টিয়ার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আজ মঙ্গলবার থেকে যথারীতি বাস চলবে। তবে উল্লিখিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আবার তাঁরা কর্মসূচি দেবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন ছাত্রদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।