মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণী ধর্ষণের মামলায় চালক দিপু মিয়া ও তাঁর সহকারী কাশেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান এ রায় দিয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দিপু মিয়ার (৩২) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গুরকি গ্রামে এবং কাশেম আলীর (২৪) বাড়ি একই উপজেলার দুলাপাড়া গ্রামে। আদালত দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া চালক দিপুকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ওই তরুণী ঢাকার আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায় যাওয়ার জন্য নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছার পর বাসের অন্য যাত্রীরা নেমে যান। এ সময় কৌশলে ওই তরুণীকে নিয়ে বাসচালক ও তাঁর সহকারী পাটুরিয়ার উদ্দেশে রওনা দেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের পর বাসের দরজা-জানালা বন্ধ করে দেন তাঁরা। এরপর চালকের সহকারী কাশেম মিয়া বাস চালাতে থাকেন এবং চালক দিপু মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে দিপু চালকের আসনে বসেন। তখন চলন্ত অবস্থায় বাসটির ভেতরেই কাশেম মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনার সময় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান এলাকায় গতিরোধকের পাশে দাঁড়িয়ে ছিলেন ফেরিওয়ালা (হকার) হান্নান মিয়া। তিনি ধীরগতির চলন্ত বাসে তরুণীর সঙ্গে একজনের ধস্তাধস্তি দেখে বাসটির পিছু নেন। তখন চালক ও তাঁর সহকারী মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা সেতুর পশ্চিম পাশে মেয়েটিকে ফেলে দিয়ে তাঁরা বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যান। ফেরিওয়ালা হান্নান মিয়া মেয়েটিকে উদ্ধার করে জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে নিয়ে যান।
ওই দিন রাতে ওই তরুণী বাদী হয়ে বাসচালক দিপু ও সহকারী কাশেমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে ফেরিওয়ালা হান্নানের সহযোগিতায় দিপুকে গ্রেপ্তার করে পুলিশ। আর রাতে কাশেমকে গ্রেপ্তার করে র্যাব।
পরের দিন (২৫ জানুয়ারি) দিপু ও কাশেমকে আদালতে হাজির করা হলে দুজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চাঞ্চল্যকর এ মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় রাষ্ট্রপক্ষ। এতে সহযোগিতা করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। গত বছরের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১৪ জন সাক্ষীর জবানবন্দি এবং উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানির মধ্য দিয়ে গত ৯ ফেব্রুয়ারি বিচারকাজ শেষ করেন আদালত। এরপর গতকাল দুই আসামির কারাদণ্ডাদেশ দেন বিচারক।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ওই তরুণী ও তাঁর ভগ্নিপতি মাসুদ রানা। তরুণী প্রথম আলোকে বলেন, ‘আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়ায় আজ অনেকটা স্বস্তি পেলাম। এ জন্য ফেরিওয়ালা হান্নানসহ সবার কাছে আমি কৃতজ্ঞ।’
ফেরিওয়ালা হান্নান মিয়া বলেন, ‘একজন মানুষ হিসেবে আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। আসামিদের শাস্তি হওয়ায় আমি খুশি।’