চালক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাট স্টেশনে জ্বালানি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লোকোমাস্টার খোরশেদ আলমকে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ভোরে তেলবাহী ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মঞ্জুর-উল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রেলওয়ে সূত্র জানায়, কমিটির বাকি তিন সদস্য হলেন বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাইফুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী-১ রফিকুল ইসলাম ও বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোহাম্মদ সেলিম। গতকাল থেকে কমিটির সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেছেন।