চালক হত্যা, অটোরিকশা ছিনতাই
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে ছিনতাই হওয়া অটোরিকশাটি কুমিল্লা শহরে বিক্রির চেষ্টাকালে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাম মিয়া (২৫), আলিম উদ্দিন (২২) ও নিমার আলী (২৩)। তাঁদের বাড়ি কুলাউড়ার বরমচাল ইউনিয়নের শ্রীপুর গ্রামে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে অটোরিকশার মালিক বিশ্বজিৎ নাইডু কুলাউড়া থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুলাউড়া সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রাকেশ মালাকারের ছেলে রথীন্দ্র মালাকার (২৫) সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের বিশ্বজিৎ নাইডুর মালিকানাধীন সিএনজিচালিত একটি অটোরিকশা চালাতেন। গত ২৮ জুলাই অটোরিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার পর যতীন্দ্র আর ফেরেননি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পরদিন ২৯ জুলাই বিশ্বজিৎ কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সূত্র জানায়, গত শনিবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সেতুর নিচে যতীন্দ্রর লাশ পাওয়া যায়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গতকাল প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী সেজে অটোরিকশাটি ভাড়া করে। পরে চালককে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালায়।