খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক অংসুইহ্লা মারমাকে (২৫) হত্যার প্রতিবাদে গতকাল শনিবার জেলা শহরে বিক্ষোভ করেছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি কংচাইরী মাস্টার, মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সাথোয়াই প্রু মারমা।
সভায় বক্তারা অভিযোগ করেন, অংসুইহ্লা মারমার হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ জড়িত। সভায় ঘোষণা দেওয়া হয়, হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
অংসুইহ্লা মারমা বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
ইউপিডিএফের প্রচার শাখার সদস্য নিরণ চাকমা ঘটনার সঙ্গে তাঁর দলের সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেন।
অংসুইহ্লা মারমা মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। গত শুক্রবার লক্ষ্মীছড়ি সদরের কিছু দূরে হাজাছড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে ও বল্লম দিয়ে অংসুইহ্লাকে হত্যার পর তাঁর মোটরসাইকেল, মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।