চালককে অজ্ঞান করে মাইক্রোবাস ছিনতাই গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালককে অজ্ঞান করে মাইক্রোবাস ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা গত বুধবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ঘুমের বড়িও উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার মিলন (২৫), রহিদুল (২২), মামুন (২৭) ও বাগমারা উপজেলার আলী হাসান (২৫)।র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, গত বুধবার রাজশাহীর নন্দনগাতী এলাকা থেকে চারজন পাবনায় যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো জ-৫৫৪৩) ভাড়া করেন। ঈশ্বরদী আসার পর তাঁরা চালককে ঘুমের ওষুধ মেশানো জুস পান করতে দেন। ওই জুস পান করে চালক অচেতন হয়ে পড়লে তাঁকে রাস্তায় ফেলে রেখে ছিনতাইকারীরা মাইক্রোবাস নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।র‌্যাবের কর্মকর্তা শহিদ উল্লাহ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা মাইক্রোবাস ছিনতাই হওয়ার বিষয়টি জানতে পারেন। বুধবার রাত সোয়া ১১টায় ছিনতাইকারীরা মাইক্রোবাস নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পৌঁছালে তাঁরা ওই চারজনকে আটক করেন। বুধবার রাতেই সিরাজগঞ্জ সদর থানায় তাঁদের হস্তান্তর করা হয় এবং তাঁদের বিরুদ্ধে একই থানায় মামলা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।