চালককে কুপিয়ে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলায় মাইক্রোবাসের চালককে কুপিয়ে জখম করে টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করেছে ছিনতাইকারীরা। এ সময় টহল পুলিশ ধাওয়া করলে বোমা নিক্ষেপ করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।গত রোববার রাতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন রাতে রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে টেলিটকের তিনজন কর্মচারীকে নিয়ে চালক সেলিম প্রামাণিক মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত নয়টার দিকে তাঁরা ওই স্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী যানটির গতিরোধ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ঠেকিয়ে মাইক্রোবাসের চালক ও যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করলে চালক তাদের বাধা দেন। এ সময় তারা চালককে কুপিয়ে তাঁর কাছে থাকা আট হাজার টাকা ও একটি মুঠোফোন সেট এবং টেলিটকের কর্মচারীদের কাছে থাকা দুটি মুঠোফোন সেট ও প্রায় তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কাছেই টহলরত গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। তখন ছিনতাইকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরিত হলে আমিনুল ইসলাম বেঁচে যান। পরে টহল পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।