চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কর্মরত ইউনি হেলথ ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক নবকুমার কুন্ডুকে (৪৬) কুপিয়ে তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের পুলিশ লাইনসের সামনে মিশন হাউসের ভেতরে। আহত কর্মকর্তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবকুমার কুন্ডু জানান, বুধবার রাত আটটার দিকে তিনি মিশন হাউসের ভাড়া বাসা থেকে বের হয়ে কোম্পানির মোটরসাইকেল চালিয়ে মিশন হাউসের গির্জার সামনে এলে তিন যুবক তাঁর গতি রোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাঁর বাঁ হাতে কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে তাঁর দুই পা কুপিয়ে জখম করে এবং তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।