কুষ্টিয়া শহরতলির বাড়াদি গ্রামের পাকা সড়কে মোহাম্মদ রানা (২৫) নামের এক যুবককে হত্যার পর তাঁর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
এদিকে একই রাতে পিরোজপুরের সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কালাম শরিফ (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কালাম গ্রামের মৃত ময়েজুদ্দিন শরিফের ছেলে।
নিহত রানার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দরগাপাড়া গ্রামের ইয়ার আলীর ছেলে রানা তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী পাশের বাড়াদি গ্রামের মাঠের মধ্যে পাকা সড়কের ওপর রানার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, পুলিশ জড়িত ব্যক্তিদের ধরতে ও ইজিবাইক উদ্ধারে অভিযান চালাচ্ছে। ছিনতাই না অন্য কোনো কারণে খুন হয়েছে তা ধারণা করা যাচ্ছে না।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, পিরোজপুরের সদর উপজেলার ঝনঝনিয়া গ্রামের আনোয়ার শিকদারের সঙ্গে প্রতিবেশী আক্কাস শরিফের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। দুই দিন আগে আক্কাস শরিফের শৌচাগারের ময়লা আনোয়ার শিকদারের বাড়িতে ফেলা হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। আনোয়ারের শ্যালক কালাম শরিফ বৃহস্পতিবার রাত আটটার দিকে আক্কাস শরিফ ও তাঁর জামাতা এজাজ শরিফের কাছে এ বিষয়ে জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে এজাজের নেতৃত্বে আট থেকে দশজন লোক ধারালো অস্ত্র দিয়ে কালামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। কালামকে উদ্ধার করতে তাঁর ভাগনে মামুন (১৫) ও ভাতিজা নাছির (২৬) এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত তিনজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কালামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে নিহত ব্যক্তির বড় ভাই হাকিম শরিফ বাদী হয়ে এজাজ শরিফকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামি এজাজের স্ত্রী লিমা আক্তার, চাচাতো বোন হ্যাপী আক্তার, হানিফ শরিফের স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে মো. নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।