চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গতকাল বৃহস্পতিবার একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। র্যাবের ভাষ্যমতে, এ সময় চালককে খুন করে ওই অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মৌলভীবাজার সদর উপজেলার বুবাপাড়া গ্রামের মো. জামাল আহমেদ ও একই উপজেলার আনিকেলিবর গ্রামের মো. নাজুম মিয়া।র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে বলেন, অটোরিকশাটি মৌলভীবাজারের রাজনগর থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় নেওয়া হয়। পথে চালককে খুন করে আটোরিকশাটি ছিনতাই করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার জানান, ওই অটোরিকশার চালক বিধান করের লাশ গত বুধবার সদর উপজেলার সমপাশি গ্রামে রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। বিধানের বাড়ি রাজনগর উপজেলার ভূমিউড়া গ্রামে।