চালককে খুন করে ইজিবাইক লুট
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গত রোববার রাতে তোফাজ্জেল হোসেন মালিতা (৫৫) নামের এক চালককে খুন করে তাঁর ইজিবাইক লুট করেছে যাত্রীবেশী দুর্বৃত্তরা৷ পুলিশ গতকাল সোমবার দুপুরে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
তোফাজ্জেল চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভীমরুল্লা মহল্লার মৃত বকশ মালিতার ছেলে।
নিহত তোফাজ্জেলের স্ত্রী রিতা বেগম বলেন, তাঁর স্বামী রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বের হন। রাত আটটার দিকে মুঠোফোনে তাঁকে জানান, দামুড়হুদা উজিরপুর গ্রাম থেকে কয়েকজন যাত্রী নিয়ে দর্শনায় যাচ্ছেন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তোফাজ্জেলের মুঠোফোনে কল করে বন্ধ পান৷ গতকাল সকালে উপজেলার গোপালখালী মাঠে কাদার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।
দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান বলেন, দুর্বৃত্তরা কৌশলে যাত্রী সেজে তোফাজ্জেলের ইজিবাইকে চড়ে৷ পরে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে যায়।