চালককে খুন করে ছিনতাই করা তিনটি গাড়ি উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ গত মঙ্গলবার কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে আন্তজেলা গাড়ি ছিনতাইচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আলমডাঙ্গা থেকে দুটি প্রাইভেট কার ও সিলেট মহানগর থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গার পুলিশ সুপার নজরুল ইসলাম বুধবার দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেছেন, গত ২৫ ডিসেম্বর তাঁরা পাঁচজন মিলে গাজীপুরের কালিয়াকৈর থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে কুষ্টিয়ায় নিয়ে আসেন। ওইদন রাতেই তাঁরা গাড়িচালক কালিয়াকৈর উপজেলার শ্রীফলা গ্রামের নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ আলমডাঙ্গার ডম্বলপুর গ্রামের গঙ্গা কপোতাক্ষ খালের পাড়ে ফেলে দেন। পুলিশ সুপার আরও জানান, ২৬ ডিসেম্বর লাশটি উদ্ধার করে দাফন করা হলেও এক দিন পর নিহতের পরিচয় মেলে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই আকিকুল ইসলাম হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে নজরুল ও বদরুলকে গ্রেপ্তার করেন।