চালককে খুন করে ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ট্রাকচালক মো. আলীকে খুন ও তাঁর সহকারী মো. সালামকে নেশাজাতীর দ্রব্য খাইয়ে অচেতন করে রডভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ভুট্টু রাঢ়ী, ইলিয়াছ মিয়া, মো. আমিরুল ইসলাম, নাজমুল ও মামুন মিয়া এবং লুট হওয়া রড নিজ গুদামে গচ্ছিত রাখায় ঢাকার ডেমরা থানার রড ব্যবসায়ী আরওয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আ. জলিল ও ব্যবস্থাপক মো. হারুনুর রশিদ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে রড নিয়ে সাভার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ট্রাকটি ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল ট্রাকচালক ও তাঁর সহকারীকে জোর করে পানির সঙ্গে নেশাজাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে। পরে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় তাঁদের ফেলে দেয়। ট্রাকচালক মো. আলীর লাশ ও চালকের সহকারী সালামকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করা হয়। নরসিংদীর মাধবদী এলাকা থেকে ওই ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ছাড়া নিহত ট্রাকচালক ও আহত সহকারীর লুট হওয়া মুঠোফোনের কলসূত্র ধরে গত শুক্রবার বিকেলে ভুট্টো ও নাজমূলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রবি ও সোমবার ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, গ্রেপ্তার করা পাঁচ ডাকাত গতকাল দুপুরে গজারিয়া থানায় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. সফিকুল ইসলামের উপস্থিতিতে রডভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে।