চালককে খুন করে ভটভটি ছিনতাই তাদের ‘পেশা’
যাত্রীবেশে শ্যালোচালিত যানে (ভটভটি বা নছিমন) ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে চালককে নেশাজাতীয় কিছু খাইয়ে ভটভটি ছিনতাই করে। কখনো চালককে হত্যা করে ভটভটি নিয়ে পালিয়ে যায়। পরে এই ভটভটি বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়। এটাই তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে। এ রকম একটি দলকে গ্রেপ্তার করেছে বগুড়ার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার হুমায়ুন কবির এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৫ ডিসেম্বর দুপুরে সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের রেজা মণ্ডল (৩৫) ভটভটি নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ২৬ ডিসেম্বর সকালে সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়ার একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। দুই দিন পর একইভাবে গাবতলী উপজেলার নতুন কর্নিপাড়া গ্রামের জায়েদ (১৬) ও তার চাচা আবদুল হক (৩৫) ভটভটি নিয়ে বাড়ি থেকে বের হন। পরের দিন তাঁদের লাশ বগুড়া সদর থানার শাখারিয়া বিলে পাওয়া যায়। তাঁদের ভটভটিটি ছিনিয়ে নেওয়া হয়।পুলিশ সুপার বলেন, এই দুটি ঘটনা দেখে মনে হয়েছে, এসব কাজ করেছে একই দলের লোক। এসব ঘটনা উদ্ঘাটনে সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নেতৃত্বে একটি দল মাঠে নামানো হয়। দলটি কয়েক দিন অনুসন্ধান চালিয়ে গত রোববার রাতে বগুড়া রেলস্টেশন থেকে গাবতলী উপজেলার চাকলা গ্রামের শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতসহ গত সোমবার রাতে বগুড়া ও দিনাজপুর জেলা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া দুটি ভটভটি উদ্ধার করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলীর চকসদু গ্রামের হজরত আলী (১৮), শহরের হাকির মোড় এলাকার মুরাদ শেখ (৫৫), সদরের পালশা গ্রামের আবদুল করিম (৪০), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পদ্মহার গ্রামের রানু সরদার (২৫) ও একই উপজেলার রঘুনাথপুর কাঁঠালপাড়া গ্রামের ছাইদুল ইসলাম (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।