চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই
মিরসরাইয়ে চালককে খুন করে মোটরসাইকেল (নম্বরবিহীন) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম মোবারক হোসেন (৩০)। তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার গিলাতলী গ্রামের ধনা মিয়ার ছেলে। জোরারগঞ্জ থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, ফেনী-রামগড় সড়কে বেশকিছু যাত্রীবাহী মোটরসাইকেল চলে। শনিবার রাতে বারইয়ারহাট পৌর এলাকা থেকে হেয়াকো যাওয়ার জন্য যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী মোবারকের মোটরসাইকেলে ওঠে। মোটরসাইকেলটি নয়টিলা মাজার এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা মোবারকের ঘাড়ে, বুকে ও কোমরে ছুরিকাঘাত করে মোটরসাইকেলটি নিয়ে সটকে পড়ে। আহত মোবারক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে পুলিশ ছুরিটি উদ্ধার করেছে।