চালককে খুন করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলার একটি সেতুর নিচ থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রবেন বার্নাড (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃতদেহ উদ্ধার করেছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রবেন মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে প্রতিদিনের মতো তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেননি। সকালে এলাকাবাসী হাত-পা বাঁধা এবং গলায় মাফলার পেঁচানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠায়।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি ছিনতাই করার উদ্দেশ্যেই চালককে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেছেন।