চালককে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরব বন্ধুসভার পাঠচক্রবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসাইনের (২৩) ঘাতক মাইক্রোবাস চালকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভৈরব বন্ধুসভা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্থানীয় শিক্ষার্থীদের সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের যৌথ আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
এতে বক্তব্য দেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, নাট্যসংগঠক সাগর রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক সালেম রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আলম, নিহত মোয়াজ্জেমের চাচা জালাল আহমেদ ও বন্ধুসভার কর্মী মো. সুজন।
এদিকে গতকাল রাত সাড়ে ১০টায় স্থানীয় কমলপুর আফতাবুল উলুম মাদ্রাসা মাঠে মোয়াজ্জেম হোসাইনের জানাজা অনুষ্ঠিত হয়।
মোয়াজ্জেমের মৃত্যুর ঘটনায় গতকাল সকালে ভৈরব হাইওয়ে থানায় মামলা হয়েছে। মোয়াজ্জেমের বাবা মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
ভৈরব হাইওয়ে থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক মনির হোসেন বলেন, আটক বাসচালক ফরিদ হোসেনকে (৪৫) ওই মামলার গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, মোয়াজ্জেম ভৈরব হাজী আসমত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের (অনার্স) ছাত্র ছিলেন। মঙ্গলবার দুপুরে দুর্জয় ভৈরব চত্বরের সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন মোয়াজ্জেম।
বেলা পৌনে তিনটার দিকে একটি বাস প্রথমে মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্জয় ভৈরব চত্বরে গিয়ে ছিটকে পড়ে। তখন মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই মোয়াজ্জেম হোসাইনের মৃত্যু হয়।