চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইকালে এলাকাবাসী তিনজনকে আটক করেছে। মোটরসাইকেলচালককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর শহরের ময়লাপোতা মোড় থেকে আলতাপোল গ্রামের আবদুল হান্নানকে হাসানপুর যাওয়ার জন্য তিনজন আরোহী ভাড়া করেন। মোটরসাইকেলটি দেউলী এলাকায় পৌঁছালে ওই তিন আরোহী চালককে দাঁড়াতে বলেন। মোটরসাইকেলটি থামানো মাত্রই তাঁকে ছুরিকাঘাত করে তা ছিনিয়ে নেন তাঁরা।এ সময় চালক মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে রাজু (২১) নামের একজনকে আটক করে। তাঁর বাবার নাম লিয়াকত আলী। বাড়ি যশোরের নূরপুর গ্রামে। অপর দুজন পালিয়ে যায়। এলাকাবাসী রাজুকে পুলিশে সোপর্দ করে। অপর দুজনকে উপজেলার দোরমুঠিয়া গ্রাম থেকে রাত ১০টার দিকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। তাঁরা হলেন: যশোরের নূরপুর গ্রামের কালু গাজীর ছেলে আশিকুর রহমান ও যশোরের খয়েরতলা এলাকার মেহের আলীর ছেলে ইকবাল (২২)। আবদুল হান্নানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর ঘাড়ে, পেটে ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, এ ব্যাপারে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।