চালককে নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বাস ধর্মঘট
ঠাকুরগাঁওয়ে এক বাসচালককে নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার বেলা দুইটা থেকে জেলার অভ্যন্তরীণ সড়কপথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে মোটর শ্রমিক ইউনিয়ন।মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. শাহ আলম সদর উপজেলার মোহাম্মদপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার সময় মাদারগঞ্জ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস জেলা প্রশাসকের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা মিনিবাসের চালক রমজান আলীকে বাস থেকে নামিয়ে পিটুনি দেন। পরে তাঁরা থানায় খবর দিলে সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বনাথ রায় বাসচালককে তাঁর বাসসহ থানায় আনতে যান। শহরের আর্ট গ্যালারির বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে চালক রমজান বাসটিকে সড়কের মাঝে আড়াআড়ি করে রেখে বাস থেকে নেমে চিৎকার করে শ্রমিকদের ডাকতে থাকেন। এতে অন্য শ্রমিকেরা দৌড়ে এসে তাঁর সঙ্গে যোগ দেন। পরে তাঁরা বাস ও ট্রাক দিয়ে কলেজ রোডে সব যানবাহন চলাচল বন্ধ করে দেন। মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, পুলিশের নির্যাতনে আহত চালককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, ‘আটক ওই বাসচালক বেপরোয়া গাড়ি চালিয়ে আমার গাড়িকে ধাক্কা দিলে কর্তব্যরত পুলিশ রেগে গিয়ে মারধর করে।’ তিনি জানান, ওই চালকের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না।