চালককে পুলিশের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গাড়ি যেতে জায়গা (সাইড) না দেওয়ায় গতকাল মঙ্গলবার হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের চালককে মারধর করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখেন।
পুলিশের মারধরে আহত বাসচালক ছালেক মিয়াকে (৩৫) প্রথমে হবিগঞ্জ সদর জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকালে হবিগঞ্জ জেলা সদর থেকে একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। শায়েস্তাগঞ্জ পুরান বাজার রেলগেটের কাছে চুনারুঘাট থানার টহল পুলিশের একটি পিকআপ ভ্যান পেছন থেকে বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে এবং হর্ন বাজায়। কিন্তু যাওয়ার জায়গা দিতে বাসটি দেরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশের সদস্যরা। পরে পুলিশ বাসের চালক ছালেক মিয়াকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে।
চালককে মারধরের খবর পেয়ে জেলার বিভিন্ন পরিবহনের শ্রমিকেরা মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় জড়ো হন। তাঁরা ঘটনার প্রতিবাদে সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে।
এখানে প্রতিবাদ সভায় অভিযুক্ত পুলিশ সদস্যের শাস্তি দাবি করে বক্তব্য দেন জেলা পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সজীব আলী, শ্রমিকনেতা কাজী মলাই মিয়া, সাইদুর রহমান প্রমুখ।
খবর পেয়ে হবিগঞ্জ জেলা সদর থেকে সহকারী পুলিশ সুপার মোজামেঞ্চল হক এবং শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও হাইওয়ে থানার পুলিশের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য প্রতিবাদস্থলে যান।
পুলিশ অপরাধীদের শাস্তির আশ্বাস দিলে সকাল ১০টার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সরকার প্রথম আলোকে জানান, বাসটি যাওয়ার জায়গা না দেওয়ায় এ সমস্যা হয়। পাশাপাশি পুলিশ সদস্য বাসচালককে একটু মারধর করেন। পরে সমঝোতা হয়েছে।