চালককে মারধর, ট্রেন আটকে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের চালককে গতকাল শনিবার কুমিল্লায় রেলওয়ে পুলিশ (জিআরপি) মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ধ্যায় ট্রেনটি আখাউড়া রেলস্টেশনে আটকে রেখে মিছিল করেন ট্রেনচালক ও শ্রমিক সংগঠনের কর্মীরা।
ট্রেন আটকে রাখায় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে। এ ঘটনায় ট্রেনটি সন্ধ্যা সোয়া সাতটা থেকে প্রায় ৪০ মিনিট আখাউড়ায় আটকে থাকে। পরে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
ট্রেনচালকদের সংগঠন লোকো রানিং সমিতির আখাউড়া স্টেশন শাখার সভাপতি মুশফিকুর রহমান বলেন, আখাউড়ার খড়মপুর মাজারের ওরসে আসার জন্য কুমিল্লা রেলস্টেশনে কয়েক শ যাত্রী ছিলেন। সেখানে অনেকে ট্রেনের ছাদেও ওঠেন। এ সময় রেলওয়ে পুলিশের দুজন সদস্য যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ট্রেনের ইঞ্জিনে লোক উঠাচ্ছিলেন। ট্রেনটির সহকারী চালক কাউছার আহমেদ এর প্রতিবাদ করেন। তখন ওই দুই পুলিশ সদস্য তাঁকে লাঠি দিয়ে মারধর করেন।
আখাউড়া রেলওয়ে জংশনের স্টেশন তত্ত্বাবধায়ক খলিলুর রহমান বলেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. বেলালের মধ্যস্থতায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার ৪০ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে আখাউড়া ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ট্রেনটির যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ। এ ঘটনায় রাত সাড়ে নয়টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।