চালককে মারধর বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালক ও সহকারীকে মারধরের ঘটনায় গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ঘণ্টা সব ধরনের বাস চলাচল বন্ধ রাখে কর্মচারীদের তিনটি সংগঠন। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বাস চলাচল বন্ধ রাখারও ঘোষণা দেয় তারা।
গত মঙ্গলবার রাতে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গাড়ি রাখার গ্যারেজের সামনে বাসচালক ও সহকারীর ওপর হামলা চালান। অভিযোগ উঠেছে, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় গতকাল সকাল ১০টায় পরিবহন দপ্তরে জরুরি সভায় বসেন পরিবহন সমিতি, কর্মচারী ইউনিয়ন ও কর্মচারী সমিতির নেতারা। হামলার ঘটনায় গতকাল হাটহাজারী থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয় পরিবহন সমিতির পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টার সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে বাসচালক মোহাম্মদ সোলাইমান ও সহকারী মোহাম্মদ ফরিদের ওপর হামলা চালান কিছু ছাত্র। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত থাকা বেশ কয়েকজন ছাত্র প্রথম আলোকে বলেন, ‘হামলার সময় হামলাকারীরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দেন এবং শাহজালাল হলে থাকেন বলে জানান। ‘অক্সিজেন এলাকায় এত হর্ন দিছস কেন’ বলে মারধর করা হয়।
কর্মচারী সমিতির সভাপতি মো. সৈয়দ হোসেন প্রথম আলোকে বলেন, বাসচালক ও সহকারীর ওপর হামলার ঘটনায় গতকাল এক ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।