কাভার্ড ভ্যানের চালককে মারধর করার ঘটনায় চট্টগ্রাম নগরের নিমতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখা হয়। পরিবহন-শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের সদস্যরা চালককে মারধর করেছেন। ওই চালকের বিরুদ্ধেও ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবহন-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে গতকাল বিমানবন্দর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া চলছিল। মহড়ার অংশ হিসেবে গাড়িবহর বারিক বিল্ডিং মোড় হয়ে সল্টগোলার দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ড ভ্যানটি সংকেত অমান্য করে বারিক বিল্ডিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জের ধরে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা নিমতলা এলাকায় প্রায় ৪০ মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরিবহন-শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে চালককে মারধর করা হয়েছে।
তবে অভিযোগ সম্পর্কে পরিদর্শক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমি দুই পক্ষের বিতণ্ডার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি চালক আর ট্রাফিক পুলিশের বিবাদ থামিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ আনা দুঃখজনক।’
এ বিষয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদ প্রথম আলোকে বলেন, ‘সংকেত অমান্য করা যেমন বেআইনি, তেমনি পরিবহন-শ্রমিকদের মারধর করাও কাম্য নয়।’
জানতে চাইলে বন্দর অঞ্চলের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুজায়েতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে আমি তাৎক্ষণিকভাবে কনস্টেবল মো. জিয়াউর রহমানকে প্রত্যাহার করেছি। চালকদের আর কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে দিতে বলেছি।’