চালককে লাঞ্ছিত করায় তিন পুলিশ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পিকআপ ভ্যানের এক চালককে লাঞ্ছিত করায় ক্ষুব্ধ জনতা পুলিশের তিন সদস্যকে প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। গতকাল বুধবার এই ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে আপ্তাব আলী নামের স্থানীয় এক কাঠ ব্যবসায়ী সম্প্রতি ২৪টি বেলজিয়াম প্রজাতির গাছ কেনেন। গতকাল বেলা দুইটার দিকে তিনি সেগুলো পিকআপ ভ্যানে করে চেরাইয়ের জন্য উপজেলা সদরের রেলওয়ে গুদাম সড়ক এলাকার একটি করাতকলে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে আসা সাদাপোশাকধারী জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কৌশিক তালুকদার ও সোহেল রানা এবং কনস্টেবল দেলোয়ার হোসেন পিকআপ ভ্যানটি থামানোর সংকেত দেন। চালক তা না মেনে দ্রুত গাড়ি নিয়ে উপজেলা সদরের গুদাম সড়ক এলাকায় পৌঁছেন। পরে গুদাম সড়কের করাতকলের সামনে ওই পিকআপ ভ্যান থেকে গাছ নামানোর সময় তিন মোটরসাইকেল আরোহী এসে চালক আবদুল মুনিমের শার্টের কলার ধরে তাঁকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা চালান। এর মধ্যে পুলিশের এক সদস্য চালককে চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে মোটরসাইকেল আরোহীরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। পরে উত্তেজিত জনতা তাঁদের একটি দোকানের ভেতর অবরোধ করে রাখেন। খবর পেয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে এসআই কৌশিক তালুকদার কোনো মন্তব্য করতে রাজি হননি। এসআই সোহেল রানা দাবি করেন, তিনি ঘটনার সময় গুদাম সড়কের কাছাকাছি ছিলেন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন।