কেরানীগঞ্জে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় ধরা পড়ে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় দুই ছিনতাইকারী যাত্রীবেশে চুনকুটিয়া চৌরাস্তা থেকে রাজাবাড়ী যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে রাজাবাড়ী সড়কে ফেলে অটোরিকশা নিয়ে পালাতে থাকেন। ঘটনাটি এক মোটরসাইকেল আরোহী দেখে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে খাগাইল এলাকায় জনতা ঘেরাও করে ছিনতাইকারীদের ধরে পিটুনি দেয়।পুলিশ গুরুতর আহত অবস্থায় ছিনতাইকারী আবুল হোসেন (৪২) ও মো. সুমনকে (৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে আবুল হোসেন মারা যান। গতকাল সকালে ঢাকা-মাওয়া সড়কের মুজাহিদনগর সংযোগ সড়কের পাশ থেকে চালক বাবলু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবলুর বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান বলেন, ওই ঘটনায় অটোরিকশার মালিক মো. রিয়াজুল ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার: বুড়িগঙ্গার খাগাইল ঘাট থেকে গতকাল দুপুরে ভাসমান অবস্থায় পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে।মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে তাঁর লাশ পানিতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। লাশের বিভিন্ন অংশে পচন ধরেছে।