চালককে হত্যা অটোরিকশা ছিনতাই
সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর এর চালক ইয়াছিনকে (৩৫) হত্যা করে লাশ ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মালের ভাংতি এলাকায়। অটোরিকশাটি পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সোমবার উপজেলার মালের ভাংতি এলাকার একটি ধানখেতে গলায় হামছা প্যাঁচানো অবস্থায় লাল জামা ও খয়েরি রঙের প্যান্ট পরা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ধারণা করা হচ্ছে, আগের রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে। পরে টহল পুলিশের সামনে দুর্বৃত্তরা গাড়িটি ফেলে গা-ঢাকা দেয়। এক মেয়ে শিশুর বাবা ইয়াছিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর থানার আশিকাটি এলাকায়। তিনি শাহীন নামের এক ব্যক্তির মালিকানাধীন অটোরিকশা ভাড়ায় চালাতেন। ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াছিনকে পরিকল্পিতভাবে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা। ওই রাতেই পাশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাংলাবাজার থেকে টহল পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে। ইয়াছিনের ভাই লিটন গাজী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।