চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকা থেকে মো. আলীম (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১২টায় ফুলতলী গ্রামের সড়কের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা আলীমকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের ফজর আলীর ছেলে। আলিমের চাচাতো ভাই মো. ফরিদ মিয়া বলেন, গত মঙ্গলবার রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে দেবীদ্বার যাওয়ার কথা বলে চারজনের একটি দল অটোরিকশায় ওঠে। তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় আলীমকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁর দুটি চোখ উপড়ে ফেলে, একটি কান কেটে নেয় এবং মাথাসহ সারা শরীরে ছুরিকাঘাত করে পা বেঁধে একটি ডোবায় ফেলে দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আলীমের লাশের ময়নাতদন্ত হয়। বিকেল পাঁচটায় নিজ গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
দেবীদ্বার থানার ওসি গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।