চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবেশে উঠে চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের বর্ণনা দিয়েছে আন্তজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়ার বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে আতিয়ার রহমান ও বাবু মিয়া এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালত ও পুলিশ সূত্র জানায়, চালক ইনসান আলীকে (১৭) খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় বগুড়া সদর থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুশিগাড়ি গ্রামের আতিয়ার রহমান, শিবগঞ্জ উপজেলার কৃষ্টপুর গ্রামের আজাদুর রহমান ও বাবু মিয়া এবং বগুড়া সদরের নুরইল মধ্যপাড়ার মিলন হোসেন। তাদের গতকাল আদালতে হাজির করলে আতিয়ার ও বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্য দুজন অপরাধ স্বীকার না করায় তাঁদের আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার নাজির হোসেন জানান, শিবগঞ্জের নাটমরিচা গ্রামের ইনসান আলী ২ এপ্রিল রাত আটটায় অটোরিকশা নিয়ে কিচক বাজারে অপেক্ষা করছিল। ছিনতাইকারী চক্রের ছয় সদস্য যাত্রীবেশে সিএনজিতে ওঠে। বগুড়া-রংপুর মহাসড়কে সদর থানার গোকুল এলাকায় ছিনতাইকারীরা প্রস্রাব করার কথা বলে অটোরিকশা থামাতে বলে। থামানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চালককে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। এই অটোরিকশাটি গাইবান্ধায় নিয়ে বিক্রি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে আতিয়ার ও আজাদুরকে ১ মে নওগাঁর সাপাহার থেকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বগুড়ার মাটিডালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাবু ও মিলনকে। এ ঘটনায় জড়িত আরও দুই সদস্য সাজু মিয়া ও শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজন জানিয়েছেন, তারা আন্তজেলা অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য ও পেশাদার অপরাধী।